ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে জনগণের আস্থা বেড়েছে :কাদের

ads

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে জনগণের আস্থা বেড়েছে এবং মানুষ স্বস্তি প্রকাশ করেছে।তিনি বলেন, বিএনপি ইভিএমের বিরোধিতা করলেও তাদের প্রার্থীরা এই পদ্ধতিতে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে কোনোভাবেই অনিয়মের সুযোগ নেই। মঙ্গলবার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। প্রথম ধাপের নির্বাচনের সফল আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ ভোটারদেরও ধন্যবাদ জানান সরকারের এ মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ব্যাপক জয় পেয়েছেন, যা শেখ হাসিনা সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ।


বিএনপির মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘কূটকৌশলের আশ্রয় নিয়ে কচ্ছপের জেতার দিন এখন আর নেই। ইতিহাসের পাঠ থেকে শিক্ষা নিয়ে খরগোশ এখন সচেতন। খরগোশের গতিকে ফখরুল সাহেব যদি আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেন, তাহলে বলব, জননন্দিত আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির সোনালি সোপানে।’


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২৩টি পৌরসভার ঘোষিত ফলাফলে দুটিতে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। মনগড়া অভিযোগ নিয়ে মাঝপথে ভোট প্রত্যাখ্যানের নেতিবাচক রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার জন্য বিএনপিকে ধন্যবাদও জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page